নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. ইমন (২২) ও মৃত আজাদ আলীর ছেলে মো. মামুন (২০)। উদ্ধার হওয়া পাম্পগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানার চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটার চারটি পানির পাম্প বন্ধ করে বাড়িতে চলে যান ভাটার মালিক সবুজ আলী (২৮)। পরে সকাল ৬টার দিকে ভাটায় গিয়ে পাম্পগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ও পুলিশ সদস্য রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমন ও মামুনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় গ্রেপ্তার দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

গ্রেপ্তার দুজনকে ১৫ অক্টোবর আদালতে সোপর্দ করার কথা রয়েছে।