ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং মশার বংশবিস্তার রোধে পাবনার ঈশ্বরদীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন আসন্ন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়ন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তৃতীয় দিনের মতো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, মুশুরিয়াপাড়া, বস্তিপাড়া ও নুরমহল্লা এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় রফিকুল ইসলাম নয়ন নিজ হাতে মশক নিধনের কীটনাশক স্প্রে দিয়ে এলাকার অলিগলি, ড্রেন ও রাস্তার পাশের ঝোপঝাড়ে স্প্রে করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পাড়া-মহল্লায় মাইকিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ সময় রফিকুল ইসলাম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জনসচেতনতা বাড়াতে এবং মশার বংশবিস্তার রোধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঈশ্বরদী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।