পাবনার ঈশ্বরদীতে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ রাখার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ী এবং ইয়াবা সেবনের অভিযোগে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার নতুনহাট বাজারের ইমামুল ড্রাগ হাউজ নামের ওষুধের দোকান এবং মানিকনগর গ্রামের পাঠশালার মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে পিয়ারাখলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শহীদুল ইসলাম (৪২) এবং মানিকনগর গ্রামের মো. আবেদ আলী বিশ্বাসের ছেলে মো. রায়হান উদ্দিন জনিকে (৪০) গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শহীদুল ইসলামের ওষুধের দোকান থেকে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫০০ পিস জিনসেং নামীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, রায়হান উদ্দিন জনিকে মানিকনগর গ্রামের পাঠশালার মোড় এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত উভয় ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ' সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।