পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি প্যাজেরো গাড়িসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৯ আগস্ট) সকালে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল একটি চক্র। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন— কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং ফুলবাড়ী ধনিরাম এলাকার আব্দুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৭)।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।