পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, মাদকের ভয়ানক থাবা এখন সবখানে। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদককে রুখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে পাবনায় ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় পাবনা সদর উপজেলা ৪-৩ গোলে আটঘরিয়া উপজেলা দলকে পরাজিত করে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান, পাবনা-আসনের সংসদ সদস্য আলী আছগার, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পুলিশ সুপার সুফী উল্লাহ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পৌর প্রশাসক খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী কামনা প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাবনা পৌরসভা ও জেলার ৯টি উপজেলা দল মিলে মোট ১০টি দল অংশ নিচ্ছে। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।