পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ইয়াবার মূল ডিলার হিসেবে চিহ্নিত একই এলাকার মো. রায়হান আলী রানা (৪০) পলাতক রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার বাঘইল উত্তরপাড়ায় পিন্টুর মুদি দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঈশ্বরদী 'খ' সার্কেলের একটি চৌকস দল।
অভিযানে গ্রেপ্তার মাসুদ রানার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামি রায়হান আলী রানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী 'খ' সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।