পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ রুবেল পারভেজ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা পূর্বপাড়ার একটি লিচুবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির কোচর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুবেল পারভেজ দীঘা পূর্বপাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল পারভেজের বিরুদ্ধে ঈশ্বরদী, ভেড়ামারাসহ বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।