পাবনার ঈশ্বরদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব জানান, এ বছর ঈশ্বরদী উপজেলায় ৩৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা বারোয়ারি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।