পাবনার ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি এবং উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল আল মাহমুদ ও ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিলন কর্মকার, ঈশ্বরদী বারোয়ারি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুণ্ডুসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সে লক্ষ্যে ঈশ্বরদী থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর ঈশ্বরদী উপজেলায় মোট ৩৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।