পাবনার ঈশ্বরদীতে মরহুম আব্দুল হামিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ষষ্ঠ শ্রেণির সাজির একাদশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবম শ্রেণির আরিজ একাদশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ইক্ষু গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরিজ একাদশ নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য সাজির একাদশের লক্ষ্য দাঁড়ায় ৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে সাজির একাদশ ৪৪ রানে সবকটি উইকেট হারালে ৩১ রানের জয় পায় আরিজ একাদশ।
টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আরিজ আহমেদ। আর ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রেজওয়ান ইসলাম রাতুল।
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শামসুল আরেফিন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।