পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে করা একটি কমেন্টকে কেন্দ্র করে মোবাইলের দোকানে ছাত্রদল নেতা ও দোকানের মালিক-কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিকসহ তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে তাদের ছেড়ে দেয় পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার আরআরপি সেন্টারের তৃতীয় তলায় অ্যাপল জেড নামের একটি মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেরিদুল ইসলামের সঙ্গে অ্যাপল জেডের স্বত্বাধিকারী ইলিয়াস রতন, কর্মচারী সুবেল ও রাহুলের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন আগে ফেসবুকে অ্যাপল জেড শোরুমের সার্ভিস নিয়ে একটি মন্তব্য করেছিলেন মেরিদুল ইসলাম। মঙ্গলবার তিনি ওই দোকানে মোবাইল কিনতে গেলে আগের সেই মন্তব্যের বিষয়টি নিয়ে তার সঙ্গে দোকানের মালিক ও কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
এ সময় দোকানের কর্মচারী সুবেল ও রাহুলের সঙ্গে মেরিদুল ইসলামের হাতাহাতি হয়। ঘটনার একপর্যায়ে মেরিদুল ইসলাম ফোন করে পুলিশের সহযোগিতা চান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মেরিদুল ইসলামসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়। তবে দোকানের স্বত্বাধিকারী ইলিয়াস রতন ও কর্মচারী সুবেল ও রাহুলকে পুলিশ হেফাজতে রাখা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, মোবাইলের দোকানে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের সংশ্লিষ্টদের থানায় নিয়ে আসা হয়। দোকানের তিনজনকে মারধরের অভিযোগ থাকায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।
ওসি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলে। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা হলে পুলিশ হেফাজতে থাকা তিনজনকেও ছেড়ে দেওয়া হয়। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।