পাবনা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা রায়।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দায়িত্বশীলতা, দক্ষতা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

প্রতি বছর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শিক্ষকদের কার্যক্রম, শিক্ষাদানের মান, দায়িত্বশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান পর্যালোচনা করে গুণী শিক্ষকের তালিকা প্রণয়ন করে। পরে যাচাই-বাছাই শেষে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন করা হয়।

এর আগে পূর্ণিমা রায় ঈশ্বরদী উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর এবার তিনি পাবনা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন।

এ বিষয়ে পূর্ণিমা রায় বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের শেখার আগ্রহ তৈরি করা এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রেরণা দেবে।

পূর্ণিমা রায় জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তার এ অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাক্ষেত্রে পূর্ণিমা রায়ের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।