পাবনার ঈশ্বরদীতে লাইসেন্স নবায়ন না করেই পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রি করার অভিযোগে দুটি ফিড মিলে অভিযান চালিয়ে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ঢুলটি এলাকায় অবস্থিত ফিড মিলগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে দেখা যায়, ঈশ্বরদী ফিড মিলস ও মল্লিক ফিড মিলস প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না করেই পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে মামলাগুলোতে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, ভেটেরিনারি ডাক্তার ফারুক হোসেনসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অনুযায়ী ফিড উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স থাকা এবং তা যথাসময়ে নবায়ন করা বাধ্যতামূলক।
তিনি বলেন, লাইসেন্স নবায়ন না করে ফিড উৎপাদন ও বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।