পাবনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ঈশ্বরদী থানা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে পাবনা সদর থানাকে ৪২-২০ পয়েন্টে হারিয়ে জয় নিশ্চিত করে ঈশ্বরদী থানা। শুরু থেকেই আক্রমণাত্মক নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ঈশ্বরদী থানার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ২২ পয়েন্টের ব্যবধানে জয় পায় তারা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে জনপ্রিয় করা এবং নতুন খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের প্রতিযোগিতায় পাবনা জেলার চারটি দল অংশ নিয়েছে। খেলা শেষে বিজয়ী ঈশ্বরদী থানার দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আবু আশ্রাফ।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।