পাবনার ঈশ্বরদীতে লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম রঞ্জু বিশ্বাস, বিএনপি নেতা আইয়ুব হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা মিলন মেম্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। ক্রীড়া সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোর ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।