পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় ঈশ্বরদী পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শহরের পোস্ট অফিস মোড়ের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। অল্প সময় রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও জিয়াউর রহমান দেশের ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে এবং দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল বলে তারা দাবি করেন। এ সময় শান্তিপূর্ণভাবে দেশের কোথাও মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে দাবি করে বক্তারা বলেন, নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ায় এবার আনন্দের সঙ্গে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা সম্ভব হচ্ছে।
শোভাযাত্রা ও পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হীরা খাতুন, সাধারণ সম্পাদিকা চামেলী খাতুন, সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।