পাবনার ঈশ্বরদীতে রায়হান আহামেদ রনি (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান আহামেদ রনি মহাদেবপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে রায়হান আহামেদ রনিকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, মামলার নথিপত্র ডিবি পুলিশের কাছে থাকায় ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হয়নি। বিষয়টি ডিবির কাছ থেকে জানা যাবে।

ঈশ্বরদী থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি আসাদুর রহমান।