পাবনার চাটমোহরে আলোচিত আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি মোছা. রেশমা খাতুন (৩০) এবং রাত সাড়ে ৯টার দিকে ভাদুর বটতলা বাজার এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. রবি মোল্লাকে (৪২) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গত ২৯ আগস্ট দুপুরে চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবির বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে মারধর করা হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার রেশমা খাতুন রবি মোল্লার স্ত্রী। রবি মোল্লা চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের সাজনাই দক্ষিণপাড়া এলাকার জাহের মোল্লার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে হত্যা, মারামারি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক ধারায় মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে চাটমোহর থানার মামলা নম্বর-০২, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০২/১১৪/৩৪/৩৫৪/৫০৬ ধারায় মামলা রয়েছে।