পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান হোসেন রনো (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর উত্তর, লকো কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেন রনো ওই এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, লোকোশেড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। এ সময় আলহাজ্ব মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে লকো কলোনী, ফতেহ মোহাম্মদপুর উত্তর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন রনোকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় ইমরান হোসেন রনোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।