পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-মা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। এর দুই দিন আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার ঈশ্বরদী পৌর শহরে ছেলের বিয়ের কেনাকাটা করতে আসেন আনোয়ার ও তার স্ত্রী স্বপ্না। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ছেলের বিয়ের মাত্র দুই দিন আগে বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।