পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকা হারুখালী মাঠ এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় বিকাল ৪টার দিকে পৌর এলাকার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে সূর্য প্রামানিক নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূর্য্য প্রামানিক (৪৫) অরণকোলা এলাকার নূর মোহাম্মদ ওরফে রুনুর ছেলে। সে পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে ও যুবলীগ নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে সোমবার ভোরে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের হারুখালি এলাকায় আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এসময় তারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে পাবনা-৪ এর সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, স্থানীয় পৌরসভার কমিশনার হাশেমসহ স্থানীয় নেতাদের পক্ষে স্লোগান দিয়ে মিছিলটি অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ করেন। মিছিলে উপস্থিত থাকার সন্দেহে পুলিশ সূর্য প্রামানিককে গ্রেফতার করে।
এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল, পাকশী ইউনিয়ন যুবলীগ নেতা মিরাজ হাসান, আরিফ বিশ্বাস , তুহিন প্রামানিক, সোহেল, ফিরোজ প্রমূখ।
শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, ভোরে আওয়ামী লীগের মিছিলের জের ধরে সূর্য প্রামানিক নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে আমবাগান পুলিশ ফাঁড়িতে রাখলেও পরে তাকে ঈশ্বরদী থানাতে স্থানান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, মামলার নথি ডিবি পুলিশের কাছে থাকায় ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। মামলার নথি দেখে এ বিষয়ে বলা যাবে।