বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের আলহাজ্ব মোড় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের রিকশা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদীতে কিছু নামধারী বিএনপি নেতাকর্মী দলকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজি করতে পারবেন না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি ঘিরে ঈশ্বরদী শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষেরই পৃথক কর্মসূচি রয়েছে। এ কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।