পাবনার ঈশ্বরদীতে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে সচেতনতামূলক সভা, ভ্যাকসিনেশনে উদ্বুদ্ধকরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়ি এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঈশ্বরদীর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসম উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) মোছা. আকলিমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেনসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালসহ কর্মকর্তা-কর্মচারীরা।
সচেতনতামূলক সভায় খামারিদের লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। রোগটি প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা, খামারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আক্রান্ত পশুর বিষয়ে করণীয় এবং সময়মতো ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।একই সঙ্গে খামারিদের ভ্যাকসিনেশনে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় খামারিদের মাঝে কৃমিনাশক ওষুধ বিতরণ, ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রদান এবং খামারিদের প্রয়োজন অনুযায়ী গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি এলএসডি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য একটি গুরুত্বপূর্ণ রোগ। এ রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতা বৃদ্ধি, খামারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সময়মতো ভ্যাকসিন প্রদান অত্যন্ত জরুরি। খামারিদের যেকোনো সমস্যায় দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। এলএসডি প্রতিরোধে আমাদের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসাসেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।