পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ কেজি শুকনা গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা। 

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার চর রূপপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা থানার কৃষ্ণনগর এলাকার মো. রায়হান জোয়ার্দ্দারের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর চর রূপপুর জিগাতলা এলাকায় মো. মিঠুর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।