পাবনার ঈশ্বরদীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আহাদ আলী খাঁন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী সরকারি খাদ্য গুদাম চত্বরে ৬ নম্বর ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আটক আহাদ আলী খাঁন ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি বাবার চাকরির সুবাদে সরকারি খাদ্য গুদামের একটি কোয়ার্টারে বসবাস করতেন এবং শিশুটির পরিবারের পূর্বপরিচিত ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি কোয়ার্টারের বারান্দায় খেলছিল। আনুমানিক দুপুর ১২টার দিকে আহাদ শিশুটিকে তাদের কোয়ার্টারে নিয়ে যাওয়ার কথা বলে খাদ্য গুদামের ৬ নম্বর ভবনের পশ্চিম পাশে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে শিশুটির পোশাক খুলে তাকে ধর্ষণের চেষ্টা করেন আহাদ।
ঘটনার সময় ফাইয়াজ বিন খালেদ নামে এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং অভিযুক্তকে ধমক দেন। পরে আহাদ শিশুটিকে ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে শিশুটি কান্নারত অবস্থায় কোয়ার্টারে ফিরে গিয়ে তার মা ও খাদ্য গুদামের পরিচ্ছন্নতাকর্মী মো. রবিউল ইসলামকে বিষয়টি জানায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান আসাদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আহাদ আলী খাঁনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।