পাবনার ঈশ্বরদীতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্মকারপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের রেলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। এ সময় ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় সংগীত পরিবেশন করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন চন্দ্র কর্মকার, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, পৌর কমিটির সভাপতি গোবিন্দ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন সাহা।
শোভাযাত্রা শেষে কর্মকারপাড়া মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।