পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে সিল্কসিটি ট্রেনে উঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক চার নারী হলেন—সেফালী বেগম (৩২), রোজিনা আকতার (২৫), মায়া ওরফে সুবর্ণা (২২) ও রুপালী (২২)।
অভিযোগকারী আজিজা খাতুন জানান, টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিল্কসিটি ট্রেনে উঠছিলেন। এ সময় কয়েকজন নারী পরিকল্পিতভাবে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির সুযোগে তার গলায় থাকা লকেটসহ প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নিয়ে যাওয়া হয়। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
তার চিৎকারে উপস্থিত যাত্রীরা রোজিনা আকতার, মায়া ওরফে সুবর্ণা ও রুপালীকে আটক করেন। পরে ট্রেনে উঠে পালিয়ে যাওয়া সেফালী বেগমকেও যাত্রীদের সহায়তায় পুলিশ আটক করে।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ ( ওসি) জিয়াউর রহমান বলেন, ছিনতাই হওয়া স্বর্নের চেইনটি উদ্ধারের কাজ চলছে। আজিজা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় চারজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।