রাজশাহীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত আঞ্চলিক যুব পরামর্শ সভায় তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তাদের অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়েছে। 

একই সঙ্গে ব্যবসায়ী ও উদ্যোক্তারা রাজশাহীতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, তরুণ উদ্যোক্তা, পেশাজীবী ও যুব সংগঠকরা অংশ নেন। 

তরুণরা বলেন, প্রশিক্ষণ ও শিক্ষা শেষে স্থানীয়ভাবে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সীমিত থাকায় অনেককে ঢাকাসহ অন্য অঞ্চলে যেতে হচ্ছে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও যুবনেতা মোহাম্মদ শাকিল মন্ডল বলেন, “পর্যাপ্ত স্কিল নিয়ে বের হওয়ার পরও সুযোগের অভাবে আমরা এগুলো স্থানীয়ভাবে কাজে লাগাতে পারছি না।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির সনদ দেওয়ার চেয়ে তা কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখছে, সেটিই গুরুত্বপূর্ণ। তিনি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, রেশম, হস্তশিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও সৃজনশীল শিল্পে রাজশাহীর সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

পরে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে পৃথক রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সহজ শর্তে ব্যাংক ঋণ, গ্যাস-বিদ্যুৎ ও পরিবহন সুবিধা, বিনিয়োগে সরকারি সহযোগিতা এবং ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন জটিলতা কমানোর দাবি জানানো হয়।

দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ‘Youth Economic Engagement in Post-Uprising Bangladesh: Opportunities, Entry Points and Institutional Barriers’ শীর্ষক গবেষণার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।