বাংলাদেশে সমন্বিত, টেকসই ও আধুনিক ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ক্যান্সার চিকিৎসা কর্মসূচির পরিচালক লিসা স্টিভেন্সের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ‘রেইজ অব হোপ’ উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞান সচিব বলেন, নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় আইএইএ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা- আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসা মূল্যায়ন মিশন বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং ক্যান্সার চিকিৎসাব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি বলেন, বাংলাদেশ এ মিশনের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। মিশনটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

মো. আনোয়ার হোসেন আরও বলেন, আইএইএ ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘রেইজ অব হোপ’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।

বৈঠকে ক্যান্সার চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান উপস্থিত ছিলেন।