পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বসাক রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা অর্জন করেছেন।

অপরাধ দমনে অসামান্য বীরত্ব, সততা, নিষ্ঠা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তাঁকে এ পদকের জন্য মনোনীত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখায় কর্মরত রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।

পাবনা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অসিত কুমার বসাক অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, ডাকাতি ও চুরির মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাই মালামাল ও হারানো মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালে একাধিক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং ধর্ষণ, হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করেন তিনি।

মাদকবিরোধী অভিযান, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং হারানো ও চোরাই মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি পাবনা জেলায় জেপিএম (জামশেদ উদ্দিন পুলিশ সুপার মেডেল) স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া ২০২১ সালে আইজিপি ব্যাজ এবং ২০২৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ শান্তি পদক অর্জন করেন।

২০২৬ সালে পুলিশের বিশেষ পদকের জন্য প্রকাশিত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত তালিকায় রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা বিভাগে তাঁর নাম স্থান পায়।

অপরাধ দমনে সাহসিকতা, পেশাদারত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদক তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।