পাবনার ঈশ্বরদীতে অবৈধ ওষুধ মজুত ও বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে মল্লিক ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনা ও ঈশ্বরদী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার রূপপুর বিবিসি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিবিসি বাজারের মল্লিক ফার্মেসিতে অবৈধ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ১০ হাজার টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। 

এ সময় পাবনা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ ওষুধ মজুত ও বিক্রির মতো কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।