দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ম্যানুফ্যাকচারিংনির্ভর অর্থনীতি থেকে ইনোভেশননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

মঙ্গলবার ঢাকায় BGMEA University of Fashion & Technology (BUFT)-এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ক্রিয়েটিভ ইকোনমির গুরুত্বপূর্ণ ক্ষেত্র ফ্যাশন ডিজাইনে নিজস্ব ব্র্যান্ড ও সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি আর্কিটেকচার, মিউজিক, ফিল্ম, এডভার্টাইজিং, অ্যানিমেশন ও গেমিংও ক্রিয়েটিভ ইকোনমির গুরুত্বপূর্ণ খাত।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিল্প ও গবেষণা খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে ‘Research to Market’ ও ‘Innovate to Market’ ধারণা নিয়ে কাজ করছে। গবেষণার ফলাফলকে বাণিজ্যিকভাবে সফল করার পাশাপাশি মানুষের ব্যবহার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগানোই এসব উদ্যোগের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)-এর সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। BUFT-এর সঙ্গেও BCSIR-এর গবেষণা ও উন্নয়নমূলক সহযোগিতা রয়েছে, যা ফ্যাশন ও টেক্সটাইল খাতে উদ্ভাবনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞান সচিব জানান, আগামী ১২ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ের নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আয়োজন করা হবে। মেলার মাধ্যমে উদ্ভাবক, গবেষক, শিল্পখাত ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে জাতীয় ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্ব সুরক্ষা, অর্থায়ন ও নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ইনোভেশন ইকোসিস্টেমে অর্থায়ন ও নীতিগত সহায়তার ঘাটতি রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ইনোভেশন ইকোসিস্টেম প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরির জন্য প্রস্তুতি নিলে হবে না; জ্ঞান, সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে হবে। দেশের অর্থনীতি ও শিল্পের রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে BUFT-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য মোহাম্মদ নাসির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদসহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।