পাবনার ঈশ্বরদীতে অভিনব কায়দায় শনপাপড়ির ডালায় করে গাঁজা বহনের সময় মো. মামুন উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপজেলা দাশুড়িয়া মোড়ের রাজশাহী কাউন্টার সংলগ্ন নিউ সাগর মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন উদ্দিন ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাশুড়িয়া মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় শনপাপড়ি বিক্রেতার বেশে ডালা নিয়ে দাঁড়িয়ে থাকা মামুন উদ্দিনের গতিবিধি পুলিশের সন্দেহজনক মনে হয়। পরে তাকে থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর ও হেফাজতে থাকা শনপাপড়ির ডালা তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে আড়াই কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করে পুলিশ। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করছে। শনপাপড়ির ডালায় করে গাঁজা পরিবহনের বিষয়টিও তেমন একটি কৌশল। তবে পুলিশের তৎপরতার কারণে তাদের এসব কৌশল সফল হচ্ছে না। ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে ঈশ্বরদীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।