আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেলাটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতবারের তুলনায় এবার মেলার পরিধি বাড়ানো হয়েছে। ভবনের তিনটি ফ্লোর ও পেছনের মাঠসহ বিস্তৃত প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে।

মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, স্যানিটেশন, ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শক ব্যবস্থাপনা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী মেলায় মূল অডিটোরিয়াম ও রাউন্ড টেবিলে প্রায় ১৫টি পলিসি ডায়ালগ ও সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

এছাড়া বিভিন্ন ব্যাংক, দেশি-বিদেশি প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। বিপুল দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করে সার্বিক নিরাপত্তা ও জনসেবা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার বাস্তবায়নকারী সংস্থা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।