২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমুখী অর্থনীতিতে রূপান্তরে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার শেরাটনের গ্র্যান্ড বলরুমে ‘Developing Innovation Ecosystem Towards a Trillion-Dollar Economy’ শীর্ষক নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ রূপান্তরপর্বে রয়েছে। উচ্চ মূল্যসংযোজনী শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে সফল করতে প্রযুক্তি হস্তান্তর, মেধাস্বত্ব সংরক্ষণ, অনুমোদন ও বাজারজাতকরণের বাধা দূর করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি সংস্থার সমন্বয়ে একটি ‘এন্ড-টু-এন্ড ইনোভেশন ইকোসিস্টেম’ গড়ে তুলছে।
তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক রূপ দিতে সরকার ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠন করেছে বলেও জানান মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, শুধু সরকারের পক্ষে উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। সরকার নীতিগত সহায়তা দেবে, আর বাণিজ্যিকীকরণ, বিনিয়োগ ও প্রযুক্তি গ্রহণে বেসরকারি খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি দেশীয় শিল্পোদ্যোক্তাদের হাই-টেক ও ইনোভেশন পার্কগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।
আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হবে। মন্ত্রী ব্যবসায়ীদের মেলায় অংশ নিয়ে নিজস্ব প্রযুক্তি প্রদর্শন, উদ্ভাবকদের মেন্টরিং ও ইনকিউবেশনে সহযোগিতা এবং বাণিজ্যিকীকরণের বাধা ও অর্থায়ন ঘাটতি চিহ্নিত করে সরকারকে মতামত দেওয়ার আহ্বান জানান।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।