পাবনার ঈশ্বরদীতে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মজিদ মণ্ডল (২৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ অভিযুক্ত মজিদ মণ্ডলকে আটক করেছে।

গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ঈশ্বরদী থানাধীন খড়ের দাইড় গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মাগুরা জেলার সদর থানাধীন বরুনাটেল গ্রামের একটি হাফিজিয়া নূরানী মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে এবং মাগুরায় তার নানাবাড়িতে বসবাস করত। অসুস্থ শাশুড়িকে দেখতে গত ২০ আগস্ট বাবা-মায়ের সঙ্গে ঈশ্বরদীর খড়ের দাইড় গ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে আসে সে।

পরদিন ২১ আগস্ট বিকেলে বাড়ির পাশের রাস্তায় হাঁটার সময় প্রতিবেশী মজিদ মণ্ডল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে কেউ না থাকার সুযোগে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ সময় কিশোরীকে ভয় দেখাতে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের তর্জনীতে জখম করারও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন ২২ আগস্ট কিশোরী অসুস্থ ও ব্যথায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন সে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে তার মা ঈশ্বরদী থানায় এসে এজাহার দায়ের করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ঘটনা জানার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মা থানায় এজাহার দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।