ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

রোববার রাত ৮টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) গভীর রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে পাবনা জেলা বিএনপি। উপজেলা বিএনপিতে মো. জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং পৌর বিএনপিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদীতে দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিষ্টু কুমার সরকার, আনোয়ার হোসেন জনি, খোন্দকার আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন সেন্টু সরদার, মরিুল ইসলাম টুটুল সরদার, মো. নান্নু রহমান, ইলিয়াস হোসেন খাঁন এলবাস, মনিরুল ইসলাম সাবু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের দাবি।

বিক্ষোভকারীরা নতুন কমিটিকে ‘বিতর্কিত ও অগ্রহণযোগ্য’ দাবি করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানান।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি বলেন, পরীক্ষিত ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক পক্ষকে সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা এ কমিটি মেনে নেননি। কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি।