পাবনার ঈশ্বরদীতে বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘ঢাকা কিং বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ( ১৯ আগস্ট) দুপুরে উপজেলা কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ফিল্ড অফিসার রায়হানুল হক উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্স নবায়ন করা হয়নি। পাশাপাশি বেকারি খাদ্যপণ্য উৎপাদনের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এসব অনিয়মের কারণে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার বলেন, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।