ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অপর এক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ জুলাই) রাতে পাবনা থেকে রূপপুরে যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। পথে ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার এবং একজনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।