৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরদীর স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান খায়রুল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্ট। 

রবিবার (১৯ জুলাই) স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয় প্রতিষ্ঠানটি।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, পৌর সচিব জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দীন সরকার এবং খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজওয়ার অহিন।

এ সময় ঈশ্বরদী ফুটবল একাদশের খেলোয়াড়, কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঈশ্বরদী ফুটবল দলের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।