সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে 'নিউএরা ফাউন্ডেশন' নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে  বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে তিন শতাধিক রোগীকে অপারেশন ও চক্ষু পরীক্ষা করা হয়।

 বুধবার দিনব্যাপী উপজেলার টুলটি গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে  এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নিউএরার প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু,  সিরাজগঞ্জের 'আব্দুল মতিন চক্ষু হাসপাতালের' সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান প্রমুখ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
আয়োজকেরা জানান, দিনব্যাপী কার্যক্রমে ৬০ জন ছানি রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও ২৫০ মানুষের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী অনেকের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ পরিচালনা করছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।