পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুই বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত দুই বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোশাররেফ হোসেন ভূঁইয়া এ বিষয়টি সময়ের ইতিহাসকে নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এঘটনার এক ঘন্টা পর উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত দুইটি বগি রেখে একতা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররেফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আরও সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
ঈশ্বরদীতে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক