পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ঈশ্বরদী থানার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী একটি বসতবাড়িতে ঢুকে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত পোশাকের বিশেষভাবে তৈরি পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া নারী হলেন মোছা. লাবনী আক্তার ওরফে রাখি (৩৬)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ণকলস (কলেজপাড়া) এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বড়াইগ্রাম, ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।