পাবনার ঈশ্বরদী পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবলুর তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার ( ৫ জুন)  এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মোখলেছুর রহমান বাবলু জিয়াউর রহমান-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। পাবনা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়া-এর নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মোখলেছুর রহমান বাবলু যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন, যেন তিনি মোখলেছুর রহমান বাবলুকে বেহেশত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

এছাড়া তিনি মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।