ঈশ্বরদী পৌরসভার তিনবারের সাবেক মেয়র, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় শহরের ফতেহ মোহাম্মদপুর লোকো ফুটবল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে আলোচিত হামলা মামলায় মকলেছুর রহমান বাবলু প্রায় সাড়ে পাঁচ বছর কারাভোগ করেন। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। 

পরবর্তীতে ২০২৪ সালে মামলাটি খারিজ হলে তিনি ও অন্যান্য আসামিরা অভিযোগ থেকে অব্যাহতি পান।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তার বাড়িতে ছুটে আসেন।

শেষবারের মতো প্রিয় নেতাকে বিদায় জানাতে তার বাড়িতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শোকাহত পরিবেশে সবাই তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।