চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড-এর উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার (৪ জুলাই) ঈশ্বরদীতে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তারা যৌথভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এটিএম খলিলুর রহমান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, ভাইস চেয়ারম্যান হায়ারেতিন সিলেকতিন এবং মেগাসান বাংলাদেশের চেয়ারম্যান নাজিফা বিনতে হাসান।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে দেশ-বিদেশের চিকিৎসক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।