নগরীর যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পাবনার ঈশ্বরদী রেলগেটে ট্রাফিক পুলিশের জন্য একটি নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ও পাবনা জেলা পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, রেলওয়ে সার্কেলের দ্বীন-ই-আলম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আব্দুল আল মাহমুদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেনসহ পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের ফলে ট্রাফিক সদস্যরা আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সহজেই পুলিশের সহায়তা নিতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই ট্রাফিক পুলিশ বক্সের মাধ্যমে ঈশ্বরদী রেলগেট এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক শৃঙ্খলা রক্ষা এবং জনসেবা আরও গতিশীল হবে।