পাবনার ঈশ্বরদীতে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ জুলাই) রাত ১০ টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি জমির টপসয়েল (উপরের উর্বর মাটির স্তর) এবং নদীতীরবর্তী এলাকার মাটি ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ধুলোবালির কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সোহাগ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে মাটি বহনকারী গাড়িতে থাকা মাটিও জব্দ করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, পরিবেশ, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।