জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পর্যায়ে "শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়)" হিসেবে নির্বাচিত হয়েছেন ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ফারজানা আনোয়ার।
দীর্ঘ প্রায় ১৮ বছরের শিক্ষকতা জীবনে নিরলস পরিশ্রম, পেশাগত নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
এ অর্জনে অনুভূতি প্রকাশ করে ফারজানা আনোয়ার বলেন, "এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর অশেষ রহমত ছাড়া এ অর্জন সম্ভব হতো না। পাশাপাশি উপজেলা শিক্ষা অফিস ও বাছাই কমিটির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা তাঁর কাজকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন।
ফারজানা আনোয়ার জানান, তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর শিক্ষার্থীরা। তাদের জানার আগ্রহ ও শেখার উদ্দীপনাই তাঁকে প্রতিনিয়ত নতুনভাবে কাজ করার সাহস ও প্রেরণা জোগায়। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক গড়ে তুলতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফারজানা আনোয়ার ২০০৮ সালের ২২ মার্চ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা পর্যায়ে চারবার এবং উপজেলা পর্যায়ে পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন পর্যায়ে সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়, যা শিক্ষকদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।