পাবনার ঈশ্বরদীতে বিদ্যালয়ে ঢুকে ৩  শিক্ষিকাকে  মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।  সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু, সমাজসেবক আরিফ প্রামাণিকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চর গড়গড়ি আলহাজ্ব মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর কুড়লিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ঝর্ণা খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে মারধরসহ আরো দুই শিক্ষিকাকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এ ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মালকে প্রধান আসামি করে মোট পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়।